মেহেরপুরের মুজিবনগরে ধানক্ষেত থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মরদেহের পাশ থেকে মাদকসদৃশ বস্তু, মোবাইল নম্বর লেখা কাগজ ও কিছু ওষুধ উদ্ধার হওয়ার ঘটনায় এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার দারিয়াপুর গ্রামের সীমান্তসংলগ্ন নাওগাড়া মাঠের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাঠে কাজ করতে গিয়ে কৃষকেরা ধানক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাঁটুসমান পানির মধ্যে ধানক্ষেতে এক মধ্যবয়সী ব্যক্তির মরদেহ পড়ে ছিল। তার পাশেই মাছ ধরার একটি বৃত্তির ওপর কয়েকটি কাগজ সাজিয়ে রাখা ছিল। কাগজগুলোর ওপর মাদকসদৃশ বস্তু, কয়েকটি মোবাইল নম্বর এবং কিছু বড়ি (ওষুধ) রাখা ছিল।
নির্জন ধানক্ষেতে মরদেহ পড়ে থাকা এবং তার পাশে এ ধরনের বস্তু পাওয়ায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। অনেকেই ঘটনাটিকে রহস্যজনক বলে মনে করছেন।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।