মেহেরপুরের গাংনী উপজেলায় সড়ক দুর্ঘটনায় আবেদ আলী (৫৫) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের শুকুরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবেদ আলী উপজেলার মটমুড়া ইউনিয়নের পুরাতন মটমুড়া মাটপাড়ার মৃত রহিম মন্ডলের ছেলে।
পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে গাংনী থানা পুলিশের টহল দল ঘটনাস্থলে গিয়ে মহাসড়কের ওপর এক ব্যক্তিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়।
রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে স্থানীয়রা মরদেহের পরিচয় শনাক্ত করেন। স্থানীয়দের ভাষ্যমতে, নিহত আবেদ আলী মানসিক ভারসাম্যহীন ছিলেন।
গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস জানান, কুমারী ডাঙ্গা পুলিশ ক্যাম্প থেকে খবর পেয়ে টহল দল মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় এখনো পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে মরদেহ থানায় রাখা হয়েছে।