মেহেরপুরের সদর উপজেলার দক্ষিণ শালিকা মৌজায় ক্রয়কৃত জমি জোরপূর্বক দখলের চেষ্টা, ফসল নষ্ট ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার সময় মেহেরপুর জেলা প্রেসক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীরা।
সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামের বাসিন্দা মোস্তাফিজুর রহমান মুকুল লিখিত বক্তব্যে জানান, তার ভগ্নিপতি ইস্তাদুল হক বৈধ রেজিস্ট্রি দলিলমূলে প্রায় ১২ বছর আগে ৪০ শতক জমি ক্রয় করে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। জমিতে নিয়মিত চাষাবাদ করে জীবিকা নির্বাহ করছেন।
তিনি অভিযোগ করেন, স্থানীয় কদর, জাইদুল ও ছাকাতসহ একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র দীর্ঘদিন ধরে জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা প্রভাবশালী ও লাঠিয়াল প্রকৃতির হওয়ায় বিভিন্ন সময় ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।
ভুক্তভোগীদের দাবি, ২০২৫ সালের ৭ নভেম্বর ক্ষতিকর কীটনাশক স্প্রে করে গমের প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি করা হয়। পরবর্তীতে চলতি বছরের ৬ জানুয়ারি কলা গাছ কেটে প্রায় ১ লাখ টাকার ক্ষতি সাধন করা হয়েছে।
তারা আরও জানান, আসামিরা প্রকাশ্যে হুমকি দিয়ে বলছে “জমিতে গেলে খুন করে ফেলবে, তবুও জমি দখল নেবে।”
জানা গেছে, এ জমি সংক্রান্ত বিরোধে পূর্বে দায়েরকৃত একটি মামলা আদালতে খারিজ হয়েছে। বর্তমানে সহকারী জজ আদালতে আরেকটি মামলা বিচারাধীন রয়েছে।
এ অবস্থায় ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষ বা শান্তিভঙ্গের আশঙ্কা করছেন তারা।
সংবাদ সম্মেলনে প্রশাসনের প্রতি দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।