মেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়াল গ্রামে মাথাভাঙ্গা নদীর পানিতে ডুবে আব্রাহাম নামে আড়াই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্রাহাম ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী আকাশ আলীর ছেলে।
স্থানীয় সোহাগ আলী জানান, সকালে বাড়ির পাশে মাথাভাঙ্গা নদীর পাড়ে দুইটি শিশু খেলছিল। এ সময় আব্রাহাম নামের শিশুটি অসাবধানতাবশত নদীর পানিতে পড়ে তলিয়ে যায়। পাশে থাকা অপর শিশুটি দৌড়ে গিয়ে পরিবারের সদস্যদের খবর দেয়। পরে পরিবারের লোকজন এলাকাবাসীর সহযোগিতায় শিশুটিকে নদী থেকে উদ্ধার করে, তবে ততক্ষণে তার মৃত্যু হয়।
সংবাদ পেয়ে বিকেল তিনটার দিকে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং শোকসন্তপ্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, উপজেলার চরগোয়াল গ্রামে নদীতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে, এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।