মেহেরপুরের গাংনী উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস ও উপজেলা ভূমি অফিসে গভীর রাতে চুরির অপচেষ্টার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা দুটি অফিসের গ্রিল ও দরজার হ্যাজবোল্টের নাছি ভেঙে ভেতরে প্রবেশ করে আলমারি তছনছ করে। সিসিটিভি ফুটেজে ঘটনার আলামত পাওয়া গেছে।
বুধবার (১৩ মে) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে প্রথমে গাংনী সাব-রেজিস্ট্রি অফিসে এবং পরে উপজেলা ভূমি অফিসে একই ধরনের ঘটনা ঘটে।
গাংনী সাব-রেজিস্ট্রার নাইমা ইসলাম জানান, বৃহস্পতিবার (১৪ মে) সকালে অফিসে এসে তিনি স্টাফদের মাধ্যমে বিষয়টি জানতে পারেন। দুর্বৃত্তরা অফিসের দ্বিতীয় তলার পেছনের গ্রিল ভেঙে দরজার হ্যাজবোল্টের নাছি ভেঙে ভেতরে প্রবেশ করে আলমারি খুলে নথিপত্র বের করে কিছু কাগজ টেবিলের ওপর রেখে যায়। সিসিটিভি ফুটেজে ঘটনাটির আলামত পাওয়া গেছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। কোনো গুরুত্বপূর্ণ নথি বা টাকা-পয়সা খোয়া গেছে কিনা তা যাচাই করা হচ্ছে। একই সঙ্গে গাংনী থানাকেও বিষয়টি জানানো হয়েছে। প্রাথমিকভাবে কোনো নথিপত্র বা টাকা-পয়সা খোয়া যায়নি বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, একই রাতে গাংনী উপজেলা ভূমি অফিসেও চুরির অপচেষ্টার ঘটনা ঘটে। উপজেলা ভূমি অফিসের ভারপ্রাপ্ত প্রধান সহকারী হামিদুল ইসলাম জানান, ভূমি অফিসের পেছনের জানালা ভেঙে দুর্বৃত্তরা প্রবেশ করে দুইটি অফিসের একাধিক আলমারির কাগজপত্র তছনছ করেছে। ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
গাংনী থানার ইন্সপেক্টর (তদন্ত) আল মামুন বলেন, সাব-রেজিস্ট্রি অফিস ও ভূমি অফিসে চুরির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, দুটি সরকারি অফিসে গ্রিল ও দরজার হ্যাজবোল্টের নাছি ভেঙে চুরির অপচেষ্টার ঘটনা ঘটেছে। বিষয়টি থানাকে অবহিত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।