মেহেরপুরের মুজিবনগরে আরিফুল হক (৪১) ওরফে মিঠু নামের এক ব্যক্তিকে বিদেশী অবৈধ পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ আটক করেছে যৌথ বাহিনী। আরিফুল হক মুজিবনগরের মহাজনপুর গ্রামের বাজারপাড়ার রেজাউল হকের ছেলে। গাংনী র্যাব ক্যাম্প শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৮ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত ৮ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেহেরপুর আর্মি ক্যাম্প ও গাংনী র্যাবের যৌথ অভিযানে তাকে মহাজনপুর বাজার পাড়ার নিজ বাড়ি থেকে আটক করা হয়।
আটকের পর আরিফুল হকের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ১×৭.৬৫ মিমি পিস্তল (মেড ইন ইউএসএ) ১× ম্যাগাজিন এবং ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
সিপিসি-৩ র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার (এসপি) কে এম এ মামুন খান চিশতী বিষয়টি নিশ্চিত করে জানান, মিঠু জেলার শীর্ষ তালিকা ভুক্ত, দুর্ধর্ষ ও কুখ্যাত সন্ত্রাসী, চাঁদাবাজি, ধর্ষণ, বিস্ফোরক সংক্রান্ত অপরাধসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তার এসব কর্মকাণ্ডের প্রতিবাদে স্থানীয় জনগণ ইতোপূর্বে ২০২৩ সালে তাকে আটকের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছিল।
মিঠুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ তাকে মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে অস্ত্র আইনে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র্যাবের ওই কর্মকর্তা।