মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের ভাটপাড়া গ্রামে বজ্রপাতে জারজিত হোসেন (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মৃত দাউদ হোসেনের ছেলে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে ভাটপাড়া জোলের মাঠে এ ঘটনা ঘটে।
নিহতের ভাতিজি জাহিদা জানান, দুপুরের দিকে জারজিত হোসেন নিজস্ব কলার জমিতে কাজ করছিলেন। কাজ শেষে বাড়ি ফেরার সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে মাঠে থাকা স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাহিদ হাসান তাকে মৃত ঘোষণা করেন।
ডা. নাহিদ হাসান জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। বজ্রপাতে শরীরের কয়েকটি স্থানে ক্ষতচিহ্ন রয়েছে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, বজ্রপাতে একজন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।