মেহেরপুর জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শিল্পী রানী রায়ের সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা গাংনীতে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) গাংনী উপজেলা পরিষদের নবনির্মিত সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও নির্বাহী জেলা ম্যাজিস্ট্রেট শিল্পী রানী রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস।
সভায় বক্তব্য রাখেন সন্ধানী সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর, উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু, সাধারণ সম্পাদক আবদুল আওয়াল, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, উপজেলা জামায়াতের আমির ডা. রবিউল ইসলাম, সেক্রেটারি জাহাঙ্গীর হোসেন, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটির সদস্য মুজাহিদুল ইসলাম, ফজিলাতুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ জাকির হোসেন, গাংনী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান স্বপন, পৌর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোমিন এবং বামুন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান বকুলসহ উপজেলার সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, ধর্মীয় নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
সভায় জেলার সার্বিক উন্নয়ন, বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা উন্নয়নমূলক কার্যক্রম ত্বরান্বিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনসেবার মান বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শিল্পী রানী রায় বলেন, জেলার উন্নয়নে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি জনগণের সমস্যা দ্রুত সমাধান এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।