মেহেরপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন ১২ জন তরুণ-তরুণী। এর মধ্যে ১১ জন পুরুষ ও ১ জন নারী প্রার্থী রয়েছেন।
রোববার (১৮ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেহেরপুর পুলিশ লাইন্সে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন মেহেরপুর জেলার পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, শতভাগ স্বচ্ছতা, নিরপেক্ষতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে এ নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। নিয়োগ প্রক্রিয়া শুরুর আগেই স্থানীয় পত্রিকা, অনলাইন প্ল্যাটফর্ম, মাইকিং ও ফেসবুকের মাধ্যমে চাকরি প্রত্যাশীদের সচেতন করা হয়। পাশাপাশি দালাল ও প্রতারক চক্রের খপ্পরে না পড়তে বারবার সতর্ক করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার।
গত ৯ মে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় জেলার মোট ১৮২ জন চাকরি প্রত্যাশী অংশগ্রহণ করেন। ১৮ মে সকাল ১০টায় লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হলে ৩৪ জন পুরুষ ও ৪ জন নারীসহ মোট ৩৮ জন প্রার্থী উত্তীর্ণ হন। পরে তারা মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশ নেন।
দিনব্যাপী পরীক্ষা শেষে সন্ধ্যায় চূড়ান্ত ফল ঘোষণা করা হয়। এতে নিজেদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে ১১ জন পুরুষ ও ১ জন নারী প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হন। ফলাফল ঘোষণার পর নির্বাচিতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা পুলিশের কর্মকর্তারা।
নিজ যোগ্যতায় মাত্র ১২০ টাকায় চাকরির সুযোগ পেয়ে নির্বাচিত তরুণ-তরুণীদের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। আনন্দে তাদের চোখে অশ্রুও দেখা যায়।
এ সময় নিয়োগ বোর্ডের সদস্য মোঃ মিনহাজ-উল-ইসলাম, মোঃ দেলোয়ার হোসেন, মেহেরপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পরিশেষে নিয়োগ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান পুলিশ সুপার।