ভোরের আলো ফোটার আগেই জীবিকার টানে ঘর ছেড়েছিলেন ১৯ বছরের তরুণ জিসান। কুমারখালী বাজারে মাছ বিক্রি শেষে বাড়ির পথ ধরেছিলেন তিনি। মনে মনে হয়তো দিনের আয়ের হিসাব কষছিলেন, কিংবা ভাবছিলেন বাড়ি ফিরে পরিবারের মুখে হাসি ফোটানোর কথা। কিন্তু সেই ফেরার পথটাই যে তাঁর জীবনের শেষ যাত্রা হয়ে উঠবে, তা কেউ ভাবেনি। কুষ্টিয়া-কুমারখালী সড়কে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন তিনি।
নিহত জিসান মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের সহড়াতলা পূর্বপাড়ার বদিরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টার দিকে কুমারখালী বাজারে মাছ বিক্রি শেষ করে আলগামনযোগে নিজ গ্রাম সহড়াতলায় ফিরছিলেন জিসান। পথিমধ্যে কুমারখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এলাকার গাজী ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর আলগামনটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন জিসান এবং মুহূর্তেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যান। তবে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করেছে, যার রেজিস্ট্রেশন নম্বর ‘ঢাকা মেট্রো ট ২২-০০৯৭।
কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দ্রুতগামী ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই ওই যুবক মারা গেছেন। চালক ও হেলপার পলাতক থাকলেও ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে এবং প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পরিবারের উপার্জনক্ষম ও পরিশ্রমী তরুণ জিসানের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে সহড়াতলা পূর্বপাড়ায় নেমে এসেছে শোকের ছায়া। বাবা বদিরুল ইসলামসহ স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গ্রামের পরিবেশ। যে বয়সে স্বপ্ন বুনার কথা, সেই বয়সেই জীবিকার পথে এমন করুণ বিদায়ে শোকে স্তব্ধ এলাকাবাসী।