মেহেরপুরের মফস্বল থেকে উঠে এসে জাতীয় মঞ্চে এক উজ্জ্বল নক্ষত্রের উদয় হয়েছে। চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-১’ প্রতিযোগিতায় কাবাডি খেলায় অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে জাতীয় পর্যায়ে সেরা ৪০ জনের তালিকায় স্থান করে নিয়েছেন গাংনী উপজেলার কৃতী সন্তান মীর সাফি আল হুদ।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনায় আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে সনদ গ্রহণ করেন এই উদীয়মান খেলোয়াড়।
মীর সাফি আল হুদ গাংনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মীর সাইফুল ইসলামের একমাত্র ছেলে। আর সে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির একজন মেধাবী শিক্ষার্থী। স্থানীয় পর্যায়ে কাবাডি খেলায় নিজের নৈপুণ্য দেখিয়ে জেলা ও বিভাগীয় পর্যায় পেরিয়ে সে ছেলেদের বিভাগে প্রথম স্থান অধিকার করে জাতীয় মঞ্চে নিজের জায়গা করে নেয়। মেহেরপুরের মতো একটি ছোট মফস্বল থেকে জাতীয় পর্যায়ে এমন অভাবনীয় সাফল্যে পুরো মেহেরপুরজুড়ে এখন আনন্দের জোয়ার বইছে।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মীর সাফি আল হুদ আবেগাপ্লুত হয়ে বলেন, প্রায় এক বছর আগে কঠোর পরিশ্রমের মাধ্যমে আমার এই যাত্রা শুরু হয়েছিল। এই দীর্ঘ পথচলায় আমার বাবা সবসময় আমার ছায়া হয়ে পাশে ছিলেন। মেহেরপুরের মতো একটি জায়গা থেকে জাতীয় পর্যায়ে যেতে পেরে আমি আজ অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমি সবার কাছে দোয়া চাই, যেন আগামীতেও আমাদের মেহেরপুরের নাম আরও উজ্জ্বল করতে পারি।
মীর সাফি আল হুদ- এর এই অভাবনীয় সাফল্যে গাংনীসহ পুরো মেহেরপুরবাসী আজ গর্বিত। পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা তাকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। মীর সাফি আল হুদ কেবল মেহেরপুরের কাবাডি অঙ্গনেই নয়, বরং তরুণ প্রজন্মের কাছে এক অনুপ্রেরণার নাম হয়ে উঠেছে।