মেহেরপুরের গাংনীতে অবৈধভাবে মাঠের জমির উপরিভাগের মাটি কেটে ইটভাটায় বিক্রির অপরাধে রাজু আলী (৩৬) নামের এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত রাজু আলী উপজেলার আড়পাড়া গ্রামের জহির উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যার কিছু সময় আগে উপজেলার আড়পাড়া খালপাড়ের মাঠে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুর রহমান ফয়েজ।
আদালত সূত্রে জানা যায়, অবৈধভাবে কৃষিজমির মাটি কেটে ইটভাটায় সরবরাহ করা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে আড়পাড়া মাঠে অভিযান চালায় উপজেলা প্রশাসন। ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’-এর ৫(৪) ও ১৫ ধারা অনুযায়ী রাজু আলীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
পরে অভিযুক্ত ব্যক্তি তাৎক্ষণিকভাবে ১০ হাজার টাকা জরিমানা পরিশোধ করে অব্যাহতি লাভ করেন। জনস্বার্থে এবং কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসনের ওই কর্মকর্তা।