মেহেরপুরের গাংনীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) একটি বিশেষ অভিযান পরিচালনা করে মাদকসহ মনিরুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে।
শনিবার (২৭ জুন) বিকেল ৪ টার সময় উপজেলার তেরাইল বাজার সংলগ্ন নিজ হোটেল থেকে তাকে আটক করেন। আটক মনিরুল ইসলাম তেরাইল গ্রামের শাহাজুল ইসলামের ছেলে।
অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার পিপিএম-এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল তেরাইল বাজারের ওই হোটেলে অভিযান পরিচালনা করেন। অভিযানে হোটেল মালিক মনিরুল ইসলামকে তল্লাশি করে তার হেফাজত থাকা ২৫ (পঁচিশ) পিস ইয়াবা ট্যাবলেট এবং ৪ পুরিয়া (ওজন ০.৫০ গ্রাম) হেরোইন উদ্ধার করা হয়।
র্যাব জানায়, মাদকের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে। আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক গাংনী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।