মেহেরপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সাইবার ক্রাইম সেলের এক যৌথ অভিযানে দেশের বিভিন্ন স্থান থেকে প্রতারক চক্রের ৭ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতারকদের মধ্যে সেনাবাহিনীর ভুয়া কর্মকর্তা সেজে ত্রাণের টাকা আত্মসাৎকারী, ব্যাংক কর্মকর্তা পরিচয়ে অর্থ হাতিয়ে নেওয়া চক্র এবং টেলিগ্রাম অ্যাপভিত্তিক ডিজিটাল প্রতারক চক্রের সদস্যরা রয়েছে।
ডিবি ও সাইবার ক্রাইম সেলের ইনচার্জ প্রদীপ কুমার সানা-র নেতৃত্বে পরিচালিত তিন দিনব্যাপী (০৫ সেপ্টেম্বর থেকে ০৭ সেপ্টেম্বর ২০২৬) এক বিশেষ অভিযানে কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী ও কুমিল্লা জেলার বিভিন্ন এলাকা থেকে প্রতারকদের গ্রেপ্তার করা হয়।
মামলাভিত্তিক গ্রেপ্তারকৃতদের বিবরণে জানা গেছে, ভূয়া সেনা কর্মকর্তা সেজে ত্রাণ আত্মসাৎ মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়। মোবাইলে ক্যাপ্টেন, ব্রিগেডিয়ার ও কর্নেল পরিচয় দিয়ে ত্রাণের টাকা উত্তোলন ও আত্মসাতের ঘটনায় কক্সবাজারের চকোরিয়ার তালিপ (২০) এবং পেকুয়ার জয়নাল (৩৪) কে চকরিয়া ও চট্টগ্রামের চান্দগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
শাহজালাল ব্যাংক কর্মকর্তা সেজে অর্থ হাতিয়ে নেয়ার মামলায় কক্সবাজারের রামুর বিকাশ ব্যবসায়ী মোহাম্মদ কাওছার (২৭) ও কক্সবাজার সদরের মিরুয়ান (২৫) কে তাদের নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
টেলিগ্রামের মাধ্যমে প্রতারণা করে টাকা গ্রহণের অভিযোগে নোয়াখালীর সোনাইমুড়ীর আবুল কালাম (৬৭) কে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
অপর একটি টেলিগ্রাম প্রতারণা মামলায় কক্সবাজারের টেকনাফের নুরুল আবছার (৩৩) ও কুমিল্লার দাউদকান্দির ইসমাইল মীর (২৪) কে কক্সবাজার শহর ও দাউদকান্দির নির্মাণাধীন কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে পুলিশ আসামীদের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ ও আলামত জব্দ করেছে। গ্রেপ্তারকৃত ৭ জনকেই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে প্রেস প্রেস রিলিজ মারফত নিশ্চিত করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা শাখা ও সাইবার ক্রাইম এর ইনচার্জ প্রদীপ কুমার সানা।