মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু, রহস্য ঘিরে নানা প্রশ্ন মেহেরপুরে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মেহেরপুরে ছাত্রদলের মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা

গাংনীতে ভিজিএফ চাল নিয়ে জামায়াত–বিএনপির হট্টগোল, পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৪৪৪ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থদের জন্য বরাদ্দ ভিজিএফের চালকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপি সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনাকে ঘিরে উপজেলা পরিষদ সভাকক্ষে হট্টগোল, হামলার চেষ্টা এবং পরে দফায় দফায় পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ মার্চ) দুপুর ১টার দিকে গাংনী উপজেলা পরিষদের সভাকক্ষে চোরাচালান, আইনশৃঙ্খলা ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা চলাকালে এ ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, সভা চলাকালে প্যানেল চেয়ারম্যানদের সমর্থকরা কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামায়াত নেতা আলম হুসাইনের ওপর হামলার চেষ্টা চালান। এ সময় উপস্থিত সেনাবাহিনী ও পুলিশের সদস্যদের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভিজিএফের চালের ২৫ শতাংশ দাবি করার অভিযোগকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে এলাকায় উত্তেজনা চলছিল। প্যানেল চেয়ারম্যানদের সমর্থকদের অভিযোগ, জামায়াত সমর্থিত চেয়ারম্যান আলম হুসাইন সংসদ সদস্য নাজমুল হুদার নাম ব্যবহার করে উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছে ভিজিএফ চালের ২৫ শতাংশ দাবি করেন। চেয়ারম্যানরা এ দাবি নাকচ করলে তাদের সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং এরই জেরে সভায় ঢুকে হট্টগোলের ঘটনা ঘটে।

বিএনপি সমর্থিত প্যানেল চেয়ারম্যানদের দাবি, সরকার নির্ধারিত বিধি অনুযায়ী ইউনিয়ন ও পৌরসভা ভিজিএফ কমিটির মাধ্যমে প্রকাশ্য সভায় তালিকা প্রস্তুত করে চাল বিতরণ করতে হয়। কিন্তু জমায়াতের প্রভাব খাটিয়ে চালের ভাগ দাবি করা নীতিমালার পরিপন্থী।

এদিকে কয়েকদিন আগে ধানখোলা ইউনিয়নে ভিজিএফ কার্ড বণ্টনকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। এতে কয়েকজন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু বলেন, “আজকের ঘটনা দুঃখজনক। এ ধরনের ঘটনা কাম্য নয়।”
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু বলেন, “আমিও একসময় এই সভাকক্ষে হামলার শিকার হয়েছিলাম। আজকের ঘটনাও দুঃখজনক, বিষয়টি সহনশীলতার সঙ্গে দেখা উচিত।”

এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল ও পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা।

অন্যদিকে গাংনী উপজেলা জামায়াতের আমির রবিউল ইসলাম বলেন, “হামলা বা হট্টগোলের ঘটনা ন্যাক্কারজনক। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে আমরা উপজেলার কোনো সভায় অংশ নেব না।”

গাংনী থানার ওসি উত্তম কুমার দাশ জানান, “সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি দ্রুত শান্ত করা হয়।”

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি বছর গাংনী উপজেলায় ৪৬৮.৪৫ টন ভিজিএফ চাল বরাদ্দ দেওয়া হয়েছে, যা মোট ৪৬ হাজার ৮৪৫টি কার্ডের বিপরীতে বিতরণ করা হবে। এর মধ্যে কাথুলী, তেঁতুলবাড়িয়া, কাজিপুর, বামন্দী, মটমুড়া, ষোলটাকা, সাহারবাটি, ধানখোলা, রায়পুর ইউনিয়ন ও গাংনী পৌরসভায় পৃথকভাবে কার্ড বরাদ্দ রয়েছে।
সরকারি বিধি অনুযায়ী, ভূমিহীন, দিনমজুর, ভিক্ষুক, স্বামী পরিত্যক্তা নারী, প্রতিবন্ধী ও অতিদরিদ্র পরিবারগুলো ভিজিএফ চাল পাওয়ার যোগ্য।

গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, “ভিজিএফ চাল কাউকে ভাগ দেওয়ার সুযোগ নেই। নীতিমালা অনুযায়ী প্রকৃত দুস্থ ও অসহায়দের তালিকা করে চাল বিতরণ করতে হবে।”

মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য নাজমুল হুদা বলেন, “কাউকে কোনো ভাগ দিতে হবে না। প্রকৃত দুস্থরা যেন সহায়তা পায় সেটাই গুরুত্বপূর্ণ। তবে সভায় হামলার চেষ্টা বা হট্টগোল কোনোভাবেই ঠিক হয়নি।”

ঘটনার পর সংসদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে গাংনী উপজেলা জামায়াতের নেতাকর্মীরা লাঠি হাতে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি হাসপাতাল বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে সমাবেশে শেষ হয়। সমাবেশে বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানান।

পরে সন্ধ্যা ৭টার দিকে গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুর নেতৃত্বে প্রায় দুই শতাধিক নেতাকর্মী জামায়াত নেতাদের বক্তব্যের প্রতিবাদে পাল্টা বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে গাংনী বাস স্ট্যান্ড মন্ডল মার্কেট এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়।

ঘটনাকে কেন্দ্র করে গাংনী এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo