বিশ্বকাপ ফুটবলের উত্তাপ এখন আর স্টেডিয়ামের গণ্ডিতে সীমাবদ্ধ নেই। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের গ্রামগঞ্জেও ছড়িয়ে পড়েছে ফুটবল উন্মাদনা। বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় আর্জেন্টিনা ও আলজেরিয়ার মধ্যকার ম্যাচকে ঘিরে মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় দেখা যায় উৎসবমুখর পরিবেশ।
খেলা শুরুর আগেই শত শত ফুটবলপ্রেমী ও আর্জেন্টিনা সমর্থক গ্রামের মোড়ের চায়ের দোকান, ক্লাবঘর ও পাড়া-মহল্লার আড্ডাস্থলে টেলিভিশনের সামনে ভিড় জমান। প্রিয় দলের জার্সি গায়ে, হাতে আর্জেন্টিনার পতাকা আর মুখে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। ছোট ছোট চায়ের দোকানগুলো যেন রূপ নেয় ক্ষুদ্র গ্যালারিতে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। খেলার ১৭ মিনিটে দলের অধিনায়ক লিওনেল মেসি প্রথম গোল করে দলকে এগিয়ে নেন। এরপর দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। ৭৬ মিনিটে আবারও জালের দেখা পেয়ে পূর্ণ করেন হ্যাটট্রিক। মেসির দুর্দান্ত নৈপুণ্যে শেষ পর্যন্ত আলজেরিয়াকে ৩-০ গোলে পরাজিত করে আর্জেন্টিনা।
মেসির প্রতিটি গোলেই উল্লাসে ফেটে পড়েন সমর্থকরা। চিৎকার, করতালি ও বাঁশির শব্দে মুখর হয়ে ওঠে খেলা দেখার স্থানগুলো।
গাংনী বাজারের ব্যবসায়ী ও আর্জেন্টিনা সমর্থক সোহাগ বলেন, “আমি ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সমর্থক। মেসি আমার সবচেয়ে প্রিয় খেলোয়াড়। তার খেলার দক্ষতা, নেতৃত্ব ও ব্যক্তিত্ব আমাকে মুগ্ধ করে। আজকের হ্যাটট্রিক দেখে খুবই আনন্দিত।”
আরেক সমর্থক তুষার বলেন, “গত বিশ্বকাপে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছিল। এবারও দলটি ভালো খেলছে। আমরা আশা করি আর্জেন্টিনা আবারও বিশ্বকাপ জয়ের কৃতিত্ব অর্জন করবে।”
খেলা শেষে বিভিন্ন এলাকায় বিজয় মিছিল ও আনন্দ-উল্লাস করতে দেখা যায় সমর্থকদের। চায়ের দোকান, বাজার ও পাড়া-মহল্লার আড্ডায় চলতে থাকে ম্যাচের খুঁটিনাটি বিশ্লেষণ। সমর্থকদের প্রত্যাশা, সামনের ম্যাচগুলোতেও আর্জেন্টিনা একই ধারাবাহিকতা বজায় রেখে আরও দৃষ্টিনন্দন ফুটবল উপহার দেবে।
বিশ্বকাপকে ঘিরে গাংনীর ফুটবলপ্রেমীদের এই উচ্ছ্বাস প্রমাণ করে, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি মানুষের আবেগ, ভালোবাসা ও উৎসবেরও নাম।