মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া-খাসমহল মাঠ এলাকা থেকে ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বামন্দি ক্যাম্প পুলিশ। শনিবার (২০ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন গাংনী উপজেলার খাসমহল গ্রামের সুরমান আলী মণ্ডলের ছেলে ইকবাল হোসেন (২২) এবং একই গ্রামের মৃত সাঈদ খানের ছেলে শাকিরুল ইসলাম (৩৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, তেঁতুলবাড়িয়া-খাসমহল মাঠ দিয়ে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বামন্দি ক্যাম্প পুলিশের একটি চৌকস দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করে তাদের কাছ থেকে ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সাথে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত পাখি ভ্যান জব্দ করে পুলিশ।
বামন্দি ক্যাম্প পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ”আটককৃতদের বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”