মেহেরপুরে সার, বীজ ও কীটনাশকের বাজারে কারচুপি ও অনিয়ম রোধে বিশেষ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সোমবার (২২ জুন) সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত মেহেরপুর সদর উপজেলার কাথুলী রোড এবং মুজিবনগর উপজেলার কোমরপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ভোক্তা-অধিকার আইন লঙ্ঘনের দায়ে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে সর্বমোট ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, নিয়মিত তদারকির অংশ হিসেবে আজ মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্বে) জনাব মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
অভিযানে মেয়াদোত্তীর্ণ হরমোন বিক্রয় করার অপরাধে মেসার্স হাশেম বীজ ভান্ডারে ৩ হাজার টাকা, পণ্যের উৎপাদন সম্পর্কিত তথ্য না থাকা ও লাইসেন্স নবায়ন না করায় জে আর পাইপ এন্ড ইঞ্জিনিয়ারিং হাউসে ৫ হাজার টাকা, এবং সম্পূর্ণ বৈধ লাইসেন্স নবায়ন ছাড়াই অবৈধভাবে সার ও কীটনাশক বিক্রয় করার অপরাধে মা ট্রেডার্সে ৩০ হাজার টাকাসহ সর্বমোট ৩৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থায় এই ৩টি প্রতিষ্ঠান থেকে মোট ৩৮ হাজার (আটত্রিশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান চলাকালীন বাজারে উপস্থিত অন্যান্য ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয়ের সঠিক ভাউচার প্রদান ও সংরক্ষণ করা, মানসম্মত পণ্য কেনাবেচা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় থেকে বিরত থাকার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা মোহাম্মদ মামুনুল হাসান জানান, জেলা প্রত্যয়ন অফিস, সদর উপজেলা কৃষি অফিস এবং জেলা পুলিশের একটি চৌকস টিমের সার্বিক সহযোগিতায় এই অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে। ভেজাল ও অনিয়ম রোধে জনস্বার্থে এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।