শিক্ষার মান উন্নয়ন ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতি নিয়ে মেহেরপুর বিশ্ববিদ্যালয় (মুজিবনগর বিশ্ববিদ্যালয়) এর উপাচার্য ড. তোজাম্মেল হোসেনের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি) মেহেরপুর জেলা শাখা। বুধবার (২২ জুলাই) বিকেল সাড়ে তিনটায় উপাচার্যের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা পেশাজীবী সংগঠনের আহ্বায়ক নাজমুল হক লিটন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. তোজাম্মেল হোসেন। বিশেষ অতিথি জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান গাড্ডু।
মেহেরপুর জেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার নানা সমস্যার কথা তুলে ধরেন বক্তারা। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম গতিশীল করতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি পেশ করেন।
তার মধ্যে অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম নিশ্চিত করা, ভর্তি ও কর্মচারী নিয়োগের ক্ষেত্রে মেহেরপুরের শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা রাখা উল্লেখযোগ্য।
উপাচার্য ড. তোজাম্মেল হোসেন পেশাজীবীদের আশ্বাস দিয়ে বলেন, “বিশ্ববিদ্যালয়টি পূর্ণাঙ্গ রূপ পেলে এই এলাকার শিক্ষার মান বহুলাংশে বৃদ্ধি পাবে।” তবে স্থানীয় রাজনৈতিক বিভাজনের কারণে যেকোনো উন্নয়নমুখী ভালো কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে বলে তিনি আশঙ্কার কথাও জানান।
এসময় বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি) এর সদস্য সচিব এড. আব্দুল আলিম, অধ্যাপক বেদারুল ইসলাম, প্রধান শিক্ষক যথাক্রমে ইসরাইল হোসেন, রাশিদুল ইসলাম, মকলেচুর রহমান, গোলাম ফারুক মুন্দা আলিনগর সপ্রাবি। এছাড়াও সহকারী শিক্ষক যথাক্রমে আলাউদ্দিন, ফুরকান উদ্দীন, আসাদুল হক, মাসুদুজ্জামান এবং তানভীর কবির উপস্থিত ছিলেন।