মেহেরপুর সদর উপজেলার হোটেল বাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশ ও খাদ্যসামগ্রী সংরক্ষণে অনিয়মের অভিযোগে একটি খাবার হোটেলকে আর্থিক জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরিচালিত এক বিশেষ তদারকিমূলক অভিযানে ‘খাওন হোটেল’ নামের ওই প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, খাবার উৎপাদন ও সংরক্ষণে অনিয়ম এবং নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশের দায়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় সালাউদ্দিনের মালিকানাধীন ‘খাওন হোটেল’-কে এই অর্থদণ্ড প্রদান ও তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে অতি দ্রুত পরিবেশ পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত করার কড়া নির্দেশনা দেয় তদারকি দল।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুনুল হাসান।
এ সময় উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রিয়াজ মাহমুদ এবং মেহেরপুর জেলা পুলিশের একটি টিম।
জনস্বার্থ ও ভোক্তাদের অধিকার সুরক্ষায় জেলাজুড়ে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান অভিযান পরিচালনাকারী ওই কর্মকর্তা।