“করব সমবায় গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরের গাংনীতে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় সমবায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।
রোববার (৮ নভেম্বর) সকালে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি গাংনীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে অতিথিদের গামছা পরিয়ে সম্মান জানান তুফান সমিতির সভাপতি সাইফুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান-এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মনিরুজ্জামান। উপজেলা একাডেমিক সুপারভাইজার আবদুল্লাহ আল মাসুম-এর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা হিসাব উদ্দিন, ডিজিটাল বহুমুখী সমবায় সমিতির সভাপতি তোফায়েল হোসেন এবং চাঁদপুর সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি আবুল কাশেম।
আলোচনা সভায় বক্তারা সমবায় আন্দোলনের পটভূমি, সূচনার প্রেক্ষাপট এবং এর সুদূরপ্রসারী তাৎপর্য তুলে ধরেন। তারা উল্লেখ করেন, সমবায়ের জন্ম ও প্রথম সফল উদ্যোগ হিসেবে ‘রচডেল পাইওনিয়ার্স’-এর অবদান অপরিসীম। উপমহাদেশের সমবায় সমিতির সৃষ্টি, ১৯০৪ সালের সমবায় সমিতি আইন এবং সমবায় ধারণা বিকাশে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ভূমিকা স্মরণ করা হয়।
বক্তারা বলেন, সমবায় সমিতির মূল মন্ত্র হলো- “সবাই আমরা সবার তরে, প্রত্যেকে আমরা পরের তরে”। একে অপরের সাহায্য ও সহযোগিতার মাধ্যমে ব্যক্তিগত ও সমষ্টিগত কল্যাণ সাধনই সমবায়ের সৃষ্টির মূল ভিত্তি ও লক্ষ্য।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সমবায় আন্দোলনের মাধ্যমে স্বনির্ভরতা অর্জন, গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখা এবং আর্থ-সামাজিক উন্নয়নে অসামান্য অবদান ও অনুকরণীয় নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ গাংনী উপজেলা ও জেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে “শ্রেষ্ঠ সমবায়ী” হিসেবে সম্মাননা স্মারক গ্রহণ করেন ডিজিটাল বহুমুখী সমবায় সমিতির সভাপতি তোফায়েল হোসেন।
একই সঙ্গে সমবায় কার্যক্রমে অনন্য অবদান, উৎপাদন বৃদ্ধি ও আর্থ-সামাজিক উন্নয়নে প্রশংসনীয় ভূমিকার জন্য সম্মাননা স্মারক গ্রহণ করেকুমারীডাঙ্গা মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ,
উপজেলা শিক্ষক কর্মচারী সমবায় সমিতি লিঃ ও
চাঁদপুর সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড।
পরবর্তীতে উপস্থিত সকলের মাঝে একটি করে বৃক্ষের চারা বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাংনী থানা অফিসার ইনচার্জ মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী, উপজেলা কৃষি অফিসার আবদুল্লাহ আল মামুন, বিভিন্ন দপ্তরের প্রধানগণ, সমবায় অফিসের সহকারী পরিদর্শক মিজানুর রহমান ও জাহিদ হোসেন এবং উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ।