মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া এলাকায় ভেজাল ও অনিয়ম বিরোধী তদারকিমূলক অভিযান চালিয়ে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ বুধবার ( ৯ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত মেহেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অধিদপ্তর সূত্রে জানা যায়, বামনপাড়া এলাকার জ্বালানি গ্যাস, সার, বীজ, কীটনাশক ও রড-সিমেন্ট ক্রয়-বিক্রয়কারী প্রতিষ্ঠানে তদারকি চালানো হয়। এ সময় রড বিক্রয়ের ওজনমাপক যন্ত্র ভেরিফিকেশন না থাকায় মেসার্স জনি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মিজানুর রহমানকে ১০ হাজার টাকা এবং অবৈধভাবে জ্বালানি গ্যাস মজুত ও বিক্রয়ের অপরাধে মেসার্স এ আর ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. রাফাদুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় দুটি প্রতিষ্ঠান থেকে মোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
একই সাথে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোকে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করার নির্দেশনা প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) জনাব মোহাম্মদ মামুনুল হাসান।
অভিযানকালে সার্বিক সহযোগিতা করেন নিরাপদ খাদ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জনাব মো. রিয়াজ মাহমুদ এবং মেহেরপুর জেলা পুলিশের একটি টিম।
জনস্বার্থে ও ভোক্তা-অধিকার রক্ষায় এ ধরনের তদারকিমূলক অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।