মেহেরপুরের গাংনী উপজেলায় টিউবওয়েলের সাথে সংযুক্ত পানির পাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলিফা খাতুন (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার মাইলমারী গ্রামের চকপাড়ায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আলিফা খাতুন ওই গ্রামের ইন্তাদুল হকের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়িতে টিউবওয়েলের সাথে সংযুক্ত পানির পাম্পের সুইচ দিতে যান আলিফা খাতুন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গাংনী থানা অফিসার ইনচার্জ ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যুর সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।