মেহেরপুরের গাংনীতে নিজ বাগানের গাছ কাটার সময় মাথার ওপর ডাল পড়ে জিন্নাত আলী (৬০) নামে এক ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ শনিবার (১০ অক্টোবর) বিকেল আনুমানিক ৪টার দিকে গাংনী উপজেলার হাঁড়াভাঙ্গা পূর্বপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জিন্নাত আলী ওই এলাকার মৃত নুর বক্সের (ওরফে মতিরাম) ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বিকেলে জিন্নাত আলী নিজ জমিতে একটি শিশুগাছ কাটছিলেন। গাছটি কাটার একপর্যায়ে একটি বড় ডাল পাশের আরেকটি গাছের সাথে আটকে যায়। আটকে থাকা ডালটি নিচে নামানোর জন্য তিনি রশি বেঁধে টান দেন। এ সময় হঠাৎ ডালটি ছিটকে সরাসরি তাঁর মাথার ওপর পড়লে তিনি গুরুতর আহত হন।
পরবর্তীতে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে বামন্দির ‘মা ও শিশু জেনারেল হাসপাতালে’ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, নিজ বাগানের গাছ কাটার সময় অসাবধানতাবশত মাথার ওপর ভারী ডাল পড়লে আঘাত পেয়ে ওই বৃদ্ধের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এদিকে, মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহত জিন্নাত আলীর পরিবার ও স্থানীয় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।