সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’

গাংনীতে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ভেসে গেল ২০ লাখ টাকার মাছ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ২১৪ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার জুগিন্দা গ্রামে একটি মাছের পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত মাছচাষি কামরুজ্জামান।

বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে পুকুরের মাছ পানির ওপর ভেসে উঠতে দেখে স্থানীয়রা বিষয়টি পুকুর মালিককে জানান। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসে দেখেন, পুকুরজুড়ে মাছ মরে ভেসে উঠছে এবং অনেক মাছ পানির ওপর খাবি খাচ্ছে। পরে বিভিন্নভাবে মাছ রক্ষার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত অধিকাংশ মাছ মারা যায়।

ক্ষতিগ্রস্ত সূত্রে জানা গেছে, গাংনী বাজারের জামান গার্মেন্টসের স্বত্বাধিকারী ও মাছচাষি কামরুজ্জামান দীর্ঘদিন ধরে বাড়ির পাশের প্রায় তিন বিঘা আয়তনের একটি পুকুরে পাঙ্গাস ও তেলাপিয়া মাছ চাষ করে আসছিলেন। পুকুরে ৮ থেকে ১২ কেজি ওজনের প্রায় এক হাজার পাঙ্গাস মাছ এবং উল্লেখযোগ্য পরিমাণ তেলাপিয়া মাছ ছিল। অল্প কিছুদিনের মধ্যেই মাছগুলো বাজারজাত করার প্রস্তুতি চলছিল।

কামরুজ্জামান অভিযোগ করেন, বুধবার দিবাগত রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে পুকুরে বিষ প্রয়োগ করে। এর ফলে রাতারাতি অধিকাংশ মাছ মারা যায়। পরে পুকুর থেকে মাছ তুলে বিক্রির চেষ্টা করা হলেও বিষক্রিয়ার আশঙ্কায় সেগুলো বাজারজাত করা সম্ভব হয়নি। এতে তার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

স্থানীয় বাসিন্দা সাইদুর রহমান বলেন, “ বৃহস্পতিবার ভোরে কামরুজ্জামান চাচার ডাকাডাকিতে ঘুম ভাঙে। ঘটনাস্থলে গিয়ে দেখি পুকুরের মাছগুলো খাবি খাচ্ছে। পরে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হলেও মাছগুলো বাঁচানো সম্ভব হয়নি। এটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় ঘটনা।”

ক্ষতিগ্রস্ত মাছচাষি কামরুজ্জামান বলেন, “মাছগুলো বিক্রির উপযোগী হয়ে উঠেছিল। ঠিক সেই সময় পরিকল্পিতভাবে পুকুরে বিষ প্রয়োগ করে আমার বড় ধরনের ক্ষতি করা হয়েছে। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

গাংনী উপজেলা মৎস্য কর্মকর্তা মীর জাকির হোসেন বলেন, “বিষয়টি শুনেছি। দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

গাংনী থানার ইন্সপেক্টর (তদন্ত) আল মামুন জানান, বিষয়টি উপজেলা মৎস্য কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo