মেহেরপুরের গাংনীতে ইন্তাদুল ইসলাম (৪০) নামের এক মোটরসাইকেল চালক ও সবজি ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার টেংরামারি ও মাইলমারি গ্রামের মাঝামাঝি মাঠে এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একটি রামদা ও একটি বিদেশি টর্চলাইট উদ্ধার করেছে।
আহত ইন্তাদুল ইসলাম গাংনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাঁশবাড়িয়া গ্রামের ইছাহক আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গাংনী বাজারের সবজি ব্যবসায়ী ইন্তাদুল আজ বৃহস্পতিবার রাত আটটার দিকে ফড়িয়াদের কাছ থেকে টাকা আদায়ের উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে মাইলমারি গ্রামে যাচ্ছিলেন। পথে টেংরামারি ও মাইলমারি গ্রামের মাঠে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে রামদা দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে তিনি রক্তাক্ত জখম হন।
হামলার একপর্যায়ে হামলাকারীদের ব্যবহৃত রামদার কাঠের হাতল খুলে গিয়ে সেটি ইন্তাদুলের সামনে ছিটকে পড়ে। আহত ইন্তাদুল রামদাটি হাতে নিয়ে পাল্টা প্রতিরোধের চেষ্টা করলে এবং তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা ঘটনাস্থলে রামদা ও বিদেশি টর্চলাইট ফেলে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ইন্তাদুলকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. এম কে রেজা জানান, তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।
এ বিষয়ে গাংনী থানার ইন্সপেক্টর (তদন্ত) শিমুল কুমার দাস বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আলামত সংগ্রহ করা হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।