মেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়ালগ্রাম এলাকা থেকে অস্ত্র ও বিস্ফোরক আইনে দায়ের করা একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আতিয়ার রহমানকে (৪৫) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে নিজ গ্রামের ক্লাব বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আতিয়ার রহমান গাংনী উপজেলার চরগোয়ালগ্রাম রিফিউজি পাড়ার মৃত ইমারুদ্দীনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পলাতক থাকা আতিয়ার রহমানের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে একাধিক গুরুতর মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে নিজ এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ বিষয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, গ্রেফতারকৃত আতিয়ার রহমান গাংনী থানার অস্ত্র ও বিস্ফোরক মামলার পরোয়ানাভুক্ত (ওয়ারেন্টভুক্ত) পলাতক আসামি ছিলেন। তার বিরুদ্ধে থাকা মামলা দুটি হলো- ১৭ নম্বর মামলা (তারিখ: ১২ জুন, ২০১৭) এবং ৬ নম্বর মামলা (তারিখ: ৪ ফেব্রুয়ারি, ২০২৫)।
আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে দ্রুত আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।