মেহেরপুরের গাংনী উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবাসহ রনি মিয়া (২৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে এসআরবি-১২, সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্পের সদস্যরা।
শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এসআরবি-১২, সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার হান্নান হাওলাদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মেহেরপুর জেলার গাংনী থানাধীন আমতৈল (ঈদগাহপাড়া) এলাকায় এসআরবি-১২, সিপিসি-৩ মেহেরপুর কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে ৪৫ পিস ইয়াবাসহ গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের মসজিদপাড়ার আব্বাস মিয়ার ছেলে রনি মিয়াকে আটক করা হয়।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে গাংনী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওই কর্মকর্তা।